ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাউজানে পাহাড় ও টিলাভূমিতে আগুন

চট্টগ্রামের রাউজানে বিশাল এলাকাজুড়ে পাহাড় ও টিলাভূমিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।


সোমবার (২২ মার্চ) সকাল ১০টা থেকে রাউজানের কদলপুর ইউনিয়নের আশরাফ নগর এলাকায় পাহাড় টিলাভূমিতে আগুনের সূত্রপাত হয়। পরে লেলিহান শিখা বন বিভাগের বনায়ন প্রকল্পের পাহাড় টিলাভূমিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলেও পানি সংকটের কারণে লাঠি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা।


চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জ অফিস সূত্র মতে, যে পাহাড় ও টিলাভূমিতে আগুন লেগেছে সে এলাকায় তাদের বনায়নের আওতায় ৪৫ হেক্টর পাহাড় টিলাভূমি রয়েছে। গতবছর টেকসই বন ও জীবাকা (সুফল) প্রকল্পের আওতায় এখানে ৪৮ একর পাহাড় ও টিলাভূমিতে বনায়ন করা হয়। কদলপুর ও পূর্ব রাউজান মৌজায় সৃষ্ট বাগানে গামারী, চিকরাশি, শীল কড়ই, আকশমনিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ চারা রোপণ করা হয়েছিল।


স্থানীয়রা জানায়, সকাল থেকে রহস্যজনকভাবে সৃষ্ট আগুনে চারাগাছগুলো পুড়ে ছাই হয়ে যায়। এই আগুন রাতের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশের পাহাড় টিলাভূমিতে।


সরেজমিনে দেখা গেছে, রাউজান ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভানোর চেষ্টায় লাঠি হাতে ছুটাছুটি করছে। বন বিভাগের কয়েকজন সেখানে উপস্থিত থাকলেও তারা নির্বাক দৃষ্টিতে আগুনের দৃশ্যই শুধু দেখছিলেন।


এ প্রসঙ্গে রাউজান ফায়ার সার্ভিসের লিডার কাউছার আহমেদ বলেন, দুপুর দেড়টায় আমরা ৯৯৯-এর সূত্র থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। কিন্তু আশপাশে পানি না থাকায় পাতাঝাঁড় আর লাঠি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আশপাশে কিছু সংখ্যক ঘরবাড়ি ছাড়া তেমন বসতঘর নেই। তাই বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছি না। তবে বন-বাগানের অনেক ছোটবড় গাছ পুড়ে নষ্ট হবে। যে এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে সে এলাকায় খাওয়ার পানিও নেই।


জানতে চাইলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জের কর্মকর্তা খসরু আমীন বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে আমরা অবগত নই। আগুন নিয়ন্ত্রণে তিনি অগ্নিকাণ্ড কবলিত পাহাড়ে আছেন উল্লেখ করে বলেন, ধারণা করছি কেউ বিড়ি সিগারেট ফেলেছে। সেখান থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে চাইলে বলেন, এখনো আগুন জ্বলছে। শুকনো পাতা থাকায় আগুন পুরো পাহাড়ে ছড়িয়ে পড়ছে। থানায় সাধারণ ডায়েরি করা হবে। যদি কেউ জড়িত থাকার প্রমাণ পায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, এই বনভূমির স্বল্প দূরত্বে ২০-৩০টি পরিবারের বসতবাড়ি রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑